• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

শহীদদের হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তারের দাবি জামায়াতের

রমিজ আলী / ৩৬ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে জামায়াত-শিবিরের নিহত কর্মীদের হত্যা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, চিহ্নিত আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং রাজনৈতিক প্রভাবমুক্তভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সীতাকুণ্ডের রাজবাড়ী রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. তাহের। এ সময় উপজেলা সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলি, জেলা আইনবিষয়ক দায়িত্বশীল জসিমউদ্দীন আজাদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের থানা সভাপতি আবদুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মেজবাউল আলম রাসেল, মিডিয়া বিভাগের প্রধান আবুল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে সীতাকুণ্ড থানাধীন বিভিন্ন সময়ে নিহত ১১ জন জামায়াত-শিবির কর্মীর কথা উল্লেখ করে তাদের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়। সংবাদ সম্মেলনে নিহতদের মধ্যে মো. রাসেল, মো. ওসমান, আমিনুল ইসলাম আমিন, আব্দুল্লাহ আল রাসেল বাবু, আলমগীর হোসেন, সাকিফুল ইসলাম রাসেল, মো. শাহায়াত উল্লাহ ভূঁইয়া, মো. শাহজাহান, মো. মোশারফ হোসাইন, আবু বকর ছিদ্দিক পারভেজ ও রেজাউল হায়াত রোমানের নাম উল্লেখ করা হয়।

জামায়াত নেতাদের অভিযোগ, এসব হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের হলেও পরবর্তী সময়ে মামলার তদন্ত ও কার্যক্রম বিভিন্নভাবে ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে। তাদের দাবি, কিছু মামলায় এজাহার থেকে আসামিদের নাম বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং অভিযুক্তদের কেউ কেউ প্রকাশ্যে ঘোরাফেরা করলেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না।

সংবাদ সম্মেলনে জেলা আইনবিষয়ক দায়িত্বশীল জসিমউদ্দীন আজাদ অভিযোগ করে বলেন, তাদের দাবি অনুযায়ী, রাজনৈতিক প্রভাব ও অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে কিছু মামলার কার্যক্রম প্রভাবিত করা হচ্ছে এবং আসামিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

এদিকে সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় ছাত্রশিবিরের এক কর্মীকে আসামি করার বিষয়েও প্রশ্ন তোলেন জামায়াত নেতারা। তাদের দাবি, বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের ওই কর্মী কীভাবে মামলার আসামি হলেন—তা তদন্ত করে দেখা প্রয়োজন। একই সঙ্গে ওই কর্মীকে মামলার দায় থেকে অব্যাহতির দাবি জানান তারা।

বক্তারা বলেন, রাজনৈতিক বিরোধের কারণে কোনো নিরপরাধ ব্যক্তিকে মামলায় জড়ানো হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক পরিবেশ আরও জটিল হতে পারে। তাই প্রতিটি মামলার অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

জামায়াত নেতারা বলেন, পুলিশ সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে আইনানুগভাবে মামলাগুলো নিষ্পত্তি করলে তারা তা মেনে নেবেন। তবে সুষ্ঠু তদন্ত ছাড়া জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হয়রানি বা রাজনৈতিকভাবে চাপ প্রয়োগ করা হলে এর বিরুদ্ধে সাংগঠনিক ও রাজনৈতিকভাবে কর্মসূচি দেওয়ার কথা জানান তারা। প্রয়োজনে থানা ঘেরাওয়ের ঘোষণাও দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে।

সংবাদ সম্মেলনে শহীদদের হত্যা মামলায় নিরপেক্ষ ও পেশাদার তদন্ত, চিহ্নিত আসামিদের দ্রুত গ্রেপ্তার, মামলার বাদী, আইনজীবী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগগুলোর যথাযথ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা