ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সকল বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ সভার আয়োজন করা হয়।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন। এ সময় তাঁরা মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সুযোগ-সুবিধা, এলাকার সার্বিক উন্নয়ন এবং স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান বীর মুক্তিযোদ্ধাদের দেশের শ্রেষ্ঠ সন্তান হিসেবে উল্লেখ করেন। তিনি মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও কল্যাণমুখী পদক্ষেপের কথা তুলে ধরেন।
তিনি নবীনগরের সামগ্রিক উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা বলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, বীর মুক্তিযোদ্ধাদের যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন সবসময় তাঁদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভা শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।