‘প্রবাসীদের ঐক্য, সহমর্মিতা ও উন্নয়নে একতাবদ্ধ প্রয়াস’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি-সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির উদ্যোগে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার বাদশাগঞ্জ বাজারে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে ভুক্তভোগীদের হাতে এ নগদ অর্থ তুলে দেওয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মো. রেহান উদ্দিন। সাংবাদিক শাকিন শাহের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, সেলবরষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, সেলবরষ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মাদ আলী, পাইকুরাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মাদ উল্লাহ, সাংবাদিক সালেহ আহমেদ, হাফেজ মাওলানা আনোয়ার হোসেন, গণ্যমান্য ব্যক্তি মো. শাহীন তালুকদার, শরীফ আহম্মেদসহ অন্যরা।
সংগঠন সূত্রে জানা যায়, প্রবাসে অবস্থানরত এলাকার সুহৃদ ব্যক্তিদের অর্থায়নে গঠিত পাইকুরাটি-সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতি সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শারীরিক অসুস্থতা এবং দরিদ্র পরিবারের জরুরি আর্থিক প্রয়োজন বিবেচনায় চিহ্নিত অসচ্ছল ব্যক্তিদের মধ্যে এ সহায়তা দেওয়া হয়।
জানা যায়, ২০২৫ সালের ১৫ জুলাই থেকে প্রবাসে থেকেও নিজ এলাকার মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার অসচ্ছল দুই ব্যক্তির হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।
নগদ অর্থ সহায়তা গ্রহণ করেন ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের তোতা মিয়া চৌধুরীর ছেলে সোয়েব চৌধুরী এবং সেলবরষ ইউনিয়নের বীর দক্ষিণ গ্রামের গাজি রহমানের মেয়ে মোছা. নেহারুন নেছা।
সংগঠনের এ সামাজিক ও মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তারা।
পাইকুরাটি-সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির সভাপতি শাহ আলম ফরহাদ, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম রাজা, প্রধান উপদেষ্টা তৌফিক আহমেদ খান পাঠান, উপদেষ্টা আমিনুল হক চৌধুরী, মোহাম্মদ রেহান উদ্দিন, মোহাম্মদ শামীম, মো. কামরুজ্জামান আজাদ মিটু, সহসভাপতি আব্দুল্লাহ হারুন, শফিকুল ইসলাম শামীম ও জিয়াউল হক সংগঠনের বিভিন্ন দায়িত্বে রয়েছেন।
এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম, সাংগঠনিক সম্পাদক সাব্বির হাসান ইমন শাহ, অর্থ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, দপ্তর সম্পাদক মো. হিমেল মিয়া, প্রচার সম্পাদক আরিফ খাঁন, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ রফিক, আইটি সম্পাদক নাসিমুল গনি দুরর্য, ধর্ম বিষয়ক সম্পাদক সেলিম আহমেদ এবং ক্রীড়া সম্পাদক সুলেমান হোসেন সংগঠনের কার্যক্রমে দায়িত্ব পালন করছেন।
এ সময় সংগঠনের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।