চাঁদপুরের কচুয়া উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা করেছেন ছাত্রদল নেতা ইমাম হাসান। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আসরের নামাজের পর কচুয়া বিশ্বরোডের রাজমহল হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে ইমাম হাসান জানান, তিনি আসন্ন পৌরসভা নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদেও প্রার্থী হয়েছেন।
নিজের রাজনৈতিক কর্মকাণ্ড ও অতীতের অভিজ্ঞতা তুলে ধরে ইমাম হাসান বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ২০১৮ সালে বিএনপি নেতা মিলন সাহেবের মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় তিনি গ্রেপ্তার হন। এর কারণে নির্ধারিত সময়ে ডিগ্রি পরীক্ষায় অংশ নিতে পারেননি বলেও জানান তিনি।
ইমাম হাসান আরও বলেন, তাঁর বিরুদ্ধে পর্যায়ক্রমে চারটি মামলা দেওয়া হয়। এসব মামলাকে তিনি ‘মিথ্যা মামলা’ হিসেবে উল্লেখ করেন। তাঁর দাবি, তিনি কারাভোগের পর জামিনে মুক্তি পান।
সংবাদ সম্মেলনে কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আতাউল করিম, সাবেক সভাপতি আলমগীর তালুকদারসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা রকি, সিনিয়র সহ-সভাপতি মোঃ বোরহান, ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক আবিদুল রেজা, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক লিটন ডন, ২ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা সাউয়িম হাজী, জিসান আহমেদ ও শাহপরান গাজীসহ ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইমাম হাসান তাঁর প্রার্থিতার পক্ষে সমর্থন প্রত্যাশা করেন এবং সাংগঠনিক দায়িত্ব পেলে দলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।