সোহেল রানা সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বেতিল আঞ্চলিক সড়ক ও বেতিল খামার গ্রাম কবরস্থানে বৃক্ষরোপণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান বিতরণ ও ভিডব্লিউবি উপকারভোগীদের মাঝে চাউল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ২টায় বেতিল আঞ্চলিক সড়ক ও বেতিল খামার গ্রাম কবরস্থান এলাকায় এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান শাকিল।
এ সময় সদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক চঞ্চল কুমার মিস্ত্রী,এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন, উপজেলার প্রকৌশলী আব্দুল করিম, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মুন্নাফ খান, ট্যাক অফিসার খালিদ মাহমুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীম জাহিদ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(pio) আমিনুল ইসলাম,
ইউপি প্রশাসনিক কর্মকর্তা হাফিজুর রহমান,
ইউপি সদস্য সহ সাংবাদিক স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে বেতিল আঞ্চলিক সড়কের পাশে এবং বেতিল খামার গ্রাম কবরস্থান এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং স্থানীয় পরিবেশকে আরও সুন্দর ও নির্মল করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
প্রধান অতিথি ইউএনও মো. মেহেদী হাসান শাকিল বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ করতে হবে।
তিনি স্থানীয় জনগণকে বৃক্ষরোপণে উৎসাহিত হওয়ার পাশাপাশি রোপণ করা গাছগুলোর যত্ন নেওয়ার আহ্বান জানান।