ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর–রসূলাবাদ–শামগ্রাম সড়কের একটি অংশ দীর্ঘদিন ধরে বেহাল ও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। বিশেষ করে একটি ছোট কালভার্টের পাশে বড় বড় গর্ত ও সড়ক ভেঙে যাওয়ায় প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী ও বিভিন্ন ধরনের যানবাহনের চালকরা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের ক্ষতিগ্রস্ত অংশটি সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে দিন দিন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। গুরুত্বপূর্ণ এই সড়কে গড়ে প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলেও দাবি করেছেন স্থানীয়রা।
এরই মধ্যে শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নবীনগর থেকে সলিমগঞ্জগামী একটি যাত্রীবাহী অটোরিকশা সড়কের বড় একটি গর্তে পড়ে হঠাৎ উল্টে যায়। এতে অটোরিকশায় থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ভাগ্যক্রমে এ ঘটনায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।
নবীনগর থেকে রসূলাবাদ হয়ে শামগ্রাম বাজার ও সলিমগঞ্জ ফেরিঘাটে যাতায়াতের জন্য সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন এই সড়ক দিয়ে নবীনগরের ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সলিমগঞ্জ ফেরিঘাট ও আশপাশের এলাকায় যাতায়াত করেন।
স্থানীয়রা জানান, সড়কের ক্ষতিগ্রস্ত অংশে বড় গর্ত তৈরি হওয়ায় বিশেষ করে রাতে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দ্রুত সংস্কার না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা রয়েছে।
এলাকাবাসীর দাবি, বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। দ্রুত সড়কের ঝুঁকিপূর্ণ অংশ সংস্কার করে নিরাপদ ও স্বাভাবিক যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।