দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে জাতীয় সমস্যা হিসেবে উল্লেখ করে এ সংকটকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির রাজনীতি পরিহারের আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
রোববার (৩০ আগস্ট) দুপুরে পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
নুরুল হক নুর বলেন, দেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে কিছুটা সংকট থাকলেও ছয় মাসের বর্তমান সরকার এই সংকট তৈরি করেনি। এটি একটি জাতীয় সংকট। তাই এ বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিকভাবে ভুল পথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা কারও জন্যই মঙ্গলজনক হবে না।
তিনি বলেন, জুলাই-পরবর্তী সময়ে সরকার ও বিরোধী দল—সবারই দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। নীতিগত বিষয়ে আলোচনা, সমালোচনা কিংবা দ্বিমত থাকতেই পারে। তবে এমন কোনো রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করা উচিত নয়, যার কারণে দেশ বড় ধরনের ক্ষতির মুখে পড়ে।
সরকারের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দল-মত নির্বিশেষে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। নিয়মিত জনগণের কাছে গিয়ে তাদের কথা শোনা এবং সমস্যাগুলো বোঝার চেষ্টা করা হচ্ছে।
আগামী পাঁচ বছরে দেশকে পুরোপুরি পরিবর্তন করা সম্ভব না হলেও একটি সঠিক ও মানসম্মত গন্তব্যে নিয়ে যাওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন নুরুল হক নুর।
দুর্নীতি প্রতিরোধ ও সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। জনগণের কাছে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়া এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।
তিনি আরও জানান, স্থানীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পগুলোর প্রয়োজনীয়তা যাচাই-বাছাই করতে প্রধানমন্ত্রীর দপ্তরে ইতোমধ্যে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের পরই প্রকল্প গ্রহণ ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
পটুয়াখালী ইপিজেড প্রকল্প পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং ইপিজেড প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।