নীলফামারী সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
জেলা পরিষদের উদ্যোগে শনিবার (২৯ আগস্ট) দুপুরে নীলফামারী সার্কিট হাউজে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
প্রধান অতিথির বক্তব্যে শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে নতুন করে গড়ে তোলার কাজ শুরু করেছেন। এর দৃশ্যমান সুফল দেশবাসী দেখতে পাচ্ছেন বলেও তিনি মন্তব্য করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পড়াশোনায় সামান্য মনোযোগী হলেই নিজেদের মধ্যে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। বর্তমানে প্রযুক্তি মানুষের হাতের মুঠোয় চলে এসেছে। মোবাইল ফোনের মাধ্যমেও নানা ধরনের শিক্ষা ও ডিগ্রি অর্জনের সুযোগ তৈরি হয়েছে।
নীলফামারীতে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের ঘাটতির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে সমন্বিত ভর্তি পরীক্ষায় মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এ অঞ্চলের শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে জেলা পরিষদের উদ্যোগে ইতোমধ্যে একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান তৈরির কাজ শুরু হয়েছে। ভবিষ্যতে এর সুফল নীলফামারীর শিক্ষার্থীরা পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য তুহিন পত্নীর তামান্না ইয়াসমিন এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ।
সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেসুর রহমান কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক জানান, চলতি বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া নীলফামারী সদর উপজেলার ৩৩৮ জন শিক্ষার্থীকে দুই হাজার টাকা করে শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে।
এর অংশ হিসেবে শনিবার প্রথম দফায় ৮০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে প্রধান অতিথির মাধ্যমে শিক্ষাবৃত্তির চেক তুলে দেওয়া হয়।
এ ছাড়া একই অনুষ্ঠানে ‘উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে জিপিএ-৫ অর্জনকারী পাঁচজন মেধাবী শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের এ উদ্যোগকে শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।