তারুণ্যকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে চাঁদপুর সদর উপজেলার ৬ নম্বর মৈশাদী ইউনিয়নে বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর মডেল থানার উদ্যোগে শনিবার (২৯ আগস্ট) বিকেলে মৈশাদী বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আলহাজ্ব রাশেদা বেগম হীরা বলেন, “মাদক একটি ভয়ংকর সামাজিক ব্যাধি। এটি যেমন একজন ব্যক্তির জীবন কেড়ে নেয়, তেমনি একটি পরিবারকে বিপর্যস্ত করার পাশাপাশি পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই যুবসমাজকে বাঁচাতে হলে পুরুষের পাশাপাশি নারীদেরও মাদকের বিরুদ্ধে জোরালো ভূমিকা পালন করতে হবে।”
তিনি বলেন, মাদক প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে হবে না। পরিবার থেকেই সন্তানদের মধ্যে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে। একই সঙ্গে সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফয়েজ আহমেদের সভাপতিত্বে এবং মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহাবুবুর রহমান স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলা, সংস্কৃতিচর্চা এবং বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।
তারা আরও বলেন, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ধারাবাহিকভাবে সচেতনতা সৃষ্টি করা গেলে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা সম্ভব। এ সময় বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, জেলা বিএনপির সদস্য খান আব্দুর ছাত্তার, জেলা কৃষক দলের সভাপতি মুহাম্মদ এনায়েত উল্লাহ খোকন, মৈশাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. খায়রুল বাসার এবং মৈশাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ।
এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে মৈশাদী বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।