সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা শাখা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় বিশ্বম্ভরপুর উপজেলা মিলনায়তন হলে এ সম্মেলনের আয়োজন করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বিশ্বম্ভরপুর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা শাখার আহ্বায়ক গোপেশ দেবনাথ। সদস্য সচিব সুমন চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক অশোক তালুকদার।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শংকর কুমার দাস। সম্মেলনের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব রাজন তালুকদার।
এ সময় আরও বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির সদস্য সুমন কান্তি রায়, ফতেপুর নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন কুমার রায়, রাকেশ হাজংসহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে অশোক তালুকদার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকারের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন।
তিনি বলেন, গত ছয় মাসে গ্রাম পর্যায়ে কৃষকদের মধ্যে কৃষি কার্ড বিতরণ, খাল খনন কর্মসূচি গ্রহণসহ অবকাঠামো উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। পূর্ববর্তী সরকারের সময়ে দেশের অর্থনীতির যে দুরবস্থা তৈরি হয়েছিল, সেখান থেকে অর্থনীতিকে সঠিক অবস্থানে ফিরিয়ে নেওয়া একটি কঠিন কাজ বলেও মন্তব্য করেন তিনি।
অশোক তালুকদার আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সব ধর্মের মানুষের সমঅধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলার সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির, গির্জাসহ ধর্মীয় প্রতিষ্ঠান, শ্মশানঘাট ও আখড়া সংরক্ষণ, নিরাপত্তা এবং উন্নয়নে সরকারের মাধ্যমে সহযোগিতা করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
সম্মেলনের শেষ পর্যায়ে বিশ্বম্ভরপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে অঞ্জন কুমার রায়কে সভাপতি, মানিক লাল দাসকে সিনিয়র সহ-সভাপতি এবং সুমন চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।