যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ বিভিন্ন চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৬ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ হিজলী বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে।
আটককৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ৫০ বোতল ESCUF সিরাপ, ৫৮টি শাড়ি, ৫৭টি চকলেট, ৩৬ কেজি ফুচকা, ১ কেজি জিরা, আধা কেজি কিসমিস, ৫ প্যাকেট সনপাপড়ি এবং ৩৫২টি কসমেটিকস সামগ্রী।
বিজিবি জানায়, আটককৃত মাদক ও চোরাচালানি মালামালের আনুমানিক মূল্য ৭ লাখ ৫৫ হাজার ১০০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, মাদক ও চোরাচালানি মালামাল পাচার চক্রকে আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।