পেঁয়াজের রাজধানীখ্যাত ফরিদপুরের সালথায় এবার বাম্পার ফলন হলেও হাসি নেই কৃষকের মুখে। মাঠজুড়ে ফলন ভালো, কিন্তু বাজারে পেঁয়াজের দাম তলানিতে। ফলে উৎপাদন খরচও তুলতে পারছেন না অনেক চাষি।
মৌসুমে সার, শ্রমিক ও বীজের দাম বেড়ে যাওয়ায় প্রতি মণ পেঁয়াজ উৎপাদনে খরচ পড়েছে প্রায় ১,৫০০ থেকে ২,০০০ টাকা। অথচ বাজারে সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে অনেক ক্ষেত্রে ৮০০ থেকে ১,৩০০ টাকা মণ দরে।
শুধু কম দামই নয়—মাচায় সংরক্ষণ করে রাখাও যেন কৃষকের জন্য আরেক বিপদ। চাষিদের দাবি, সংরক্ষণ করতে গিয়ে ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত পেঁয়াজ পচে নষ্ট হয়ে যাচ্ছে। অনেক কৃষকের পুরো মাচার পেঁয়াজই নষ্ট হয়ে গেছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সালথার ৮টি ইউনিয়নে প্রায় ৫০ হাজার কৃষক রয়েছেন। চলতি মৌসুমে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১১ হাজার ২৫০ হেক্টর, তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ১১ হাজার ৫০০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে। ফলে এবার উপজেলায় হয়েছে বাম্পার ফলন।
সালথা সদর, নকুলহাটি, ঠেনঠেনিয়া, মোন্তারমোড়, ফুলবাড়িয়া, মাঝারদিয়া, সোনাপুর ও বালিয়া বাজার ঘুরে দেখা গেছে, পেঁয়াজের দাম নিয়ে কৃষকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। কোথাও কোথাও ন্যায্য দাম না পেয়ে কৃষক পেঁয়াজ পানিতে ফেলে দেওয়ার মতো ঘটনাও ঘটছে।
ব্যবসায়ীদের ভাষ্য, বাজারে পেঁয়াজের সরবরাহ বেশি এবং মোকামে চাহিদা কম থাকায় দাম কমেছে। সালথা সদর বাজারের ব্যবসায়ী মো. মাসুম সরদার জানান, বর্তমানে পেঁয়াজ ৭০০ থেকে ১,২৫০ টাকা মণ পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। তবে ছোট বা চিকন পেঁয়াজের দাম ১,৬০০ থেকে ১,৮০০ টাকা পর্যন্ত উঠছে। আগামী মাসের শুরুতে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
সালথা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আহসানুল হাবিব আল আজাদ জনি জানান, চলতি বছর কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৮০০ কৃষকের মধ্যে বিনামূল্যে পেঁয়াজের বীজ ও সার বিতরণ করা হয়েছে। পেঁয়াজের দাম নিয়ে কৃষকদের মধ্যে কিছুটা অসন্তোষ রয়েছে। কৃষক যাতে ন্যায্য মূল্য পান, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পাশাপাশি পেঁয়াজ সংরক্ষণের জন্য সংরক্ষণাগার নির্মাণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।