মোঃএমরুল ইসলাম ষ্টাফ রিপোর্টার
নরসিংদীর মনোহরদীতে বৃষ্টির সময় গোখাদ্যের খড় জমাতে গিয়ে বজ্রপাতে এক সাবেক পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মনোহরদী উপজেলার চন্দনপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম রহমত আলী (৬৫)। তিনি মনোহরদী বাজারের একজন সুপরিচিত সাবেক ব্যবসায়ী ছিলেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার দুপুরে বৃষ্টির সময় নিজ বাড়ি সংলগ্ন স্থানে গোখাদ্যের জন্য শুকাতে দেওয়া ধানের খড় গুছিয়ে ঘরে তুলছিলেন রহমত আলী।
এ সময় আকস্মিকভাবে সেখানে একটি বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে অচেতন হয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে নিশ্চিত করা হয়েছে।