মাহমুদুল হাসান, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
“স্মার্ট ভূমি সেবা, নাগরিকের দোরগোড়ায়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় শুরু হয়েছে ‘ভূমি মেলা ২০২৬’। মঙ্গলবার (১৯ মে) উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এ মেলার উদ্বোধন করা হয়। মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত।
সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। পরে উপজেলা মিলনায়তনে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্ত। তিনি বলেন,
“জমি নিয়ে বিরোধের কারণে অনেক সময় ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব ও মারামারির ঘটনা ঘটে। ডিজিটাল ভূমিসেবার মাধ্যমে মানুষ সহজে ও সঠিকভাবে তাদের অধিকার পাবে। জমি-সংক্রান্ত মামলা-মোকদ্দমা কমাতে সবাইকে সচেতন হতে হবে।”
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন থানার পুলিশ পরিদর্শক মাজহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মফতেজুর রহমান খান বিবেক, সাব-রেজিস্ট্রার মোছা. মাহমুদা খাতুন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ, সেটেলমেন্ট অফিসার শান্তি চাকমা এবং সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মো. মোবারক হোসেন।
বক্তারা বলেন, ভূমি সেবার মানোন্নয়নে সাধারণ মানুষের মাঝে ‘ভূমি’ অ্যাপ ও অনলাইনভিত্তিক ভূমি সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে। ডিজিটাল পদ্ধতিতে নামজারি, খতিয়ান উত্তোলন এবং ভূমি উন্নয়ন কর পরিশোধের সুযোগ সম্পর্কে জনগণকে জানানো গেলে সেবার গতি বাড়বে ও হয়রানি কমবে।
তারা আরও বলেন, প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে সাধারণ মানুষ সহজেই স্বচ্ছ ও দ্রুত সেবা পাবেন।
অনুষ্ঠানে সাধারণ সেবাগ্রহীতাদের মাঝে মিউটেশন, খতিয়ান ও পর্চা তুলে দেওয়া হয়। পরে প্রধান অতিথি ভূমি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন।
মেলায় ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদানের পাশাপাশি আগতদের তথ্য ও পরামর্শ দেওয়া হচ্ছে। সভায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।