নিজস্ব প্রতিবেদক;
রাজধানীর লালমাটিয়া থেকে যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. আজিজুল ইসলামকে (৩৩) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে লালমাটিয়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজিজুল ইসলামের বাড়ি যশোরের কেশবপুরে।
তথ্যটি নিশ্চিত করেছেন ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ।
আজিজুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
আজিজুল ইসলাম একসময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেশবপুর উপজেলার যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরে তিনি জেলা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।