• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
Headline
বিদ্রোহী প্রার্থীদের ফিরিয়ে নিচ্ছে বিএনপি, নিজের অবস্থান জানিয়ে দিলেন; রুমিন ফারহানা চট্টগ্রাম সাগরিকা স্টেডিয়াম রোডে সরকারি জায়গা দখলের অভিযোগ নবীনগরে গাছ কাটার প্রতিবাদ করায় মা-মেয়েদের মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, স্বর্ণালংকার লুট ইবির গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির বরণ-বিদায় অনুষ্ঠিত রাজধানীর লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেফতার প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষে রোডম্যাপের কথা জানালেন, নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি নেতা কর্মীরা প্রান্তিক পরিবহন বাসের ধাক্কায় খালে অটোরিকশা, গুরুতর আহত ১ পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছারলেন স্পিকার, হাফিজ উদ্দিন জলঢাকায় বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি: ভিজে যাচ্ছে কাটা ধান, ব্যাহত আলু-ভুট্টা রোপণ

নবীনগরে গাছ কাটার প্রতিবাদ করায় মা-মেয়েদের মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, স্বর্ণালংকার লুট

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি; / ১৯ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সাধন সাহা জয়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ক্রয়কৃত জমির গাছ কেটে নেওয়ার প্রতিবাদ করায় এক নারী ও তাঁর দুই মেয়েকে মারধর, শ্লীলতাহানি এবং স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মেরাজুল ইসলামসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে নবীনগর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

গত ২২ নভেম্বর রোববার বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিটে নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইব্রাহিমপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বিবাদী হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁরা হলেন—মেরাজুল ইসলাম (৩০), নুরুল ইসলাম (৫৮), বাবুল মিয়া (৪৫), বিথী বেগম (২৫) ও নাজমা বেগম (৫৫)। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, ইব্রাহিমপুর মৌজায় দলিলমূলে ক্রয় করা জমির গাছ কেটে নেওয়ার খবর পেয়ে রাজিয়া বেগম তাঁর দুই মেয়েকে নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে গাছ কাটতে বাধা দিলে অভিযুক্তরা তাঁদের ওপর হামলা চালান। এ সময় তাঁদের মারধর, শ্লীলতাহানি এবং স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, জমিতে থাকা ছয়টি বিভিন্ন প্রজাতির বনজ ও ফলদ গাছ কেটে নেওয়া হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা। এ ছাড়া জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকি ও পরিবারের সদস্যদের নানাভাবে হয়রানি করার অভিযোগও করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের এক মেয়ে অভিযোগ করে বলেন, অভিযুক্ত মেরাজ তাঁকে মারধরের একপর্যায়ে পরনের কাপড় ছিঁড়ে ফেলেন। এ সময় তাঁর চিৎকার শুনে আশপাশের কয়েকজন নারী এগিয়ে এসে তাঁকে কাপড় দিয়ে সহায়তা করেন।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁরা চিকিৎসা গ্রহণ করেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

ঘটনার বিষয়ে একই এলাকার বাসিন্দা সখিনা বেগম (৭০) বলেন, “জায়গা দেখতে আসলে এভাবে ৭-৮ জন মিলে রাজিয়া ও তাঁর মেয়েদের মারধর করবে, এটা কেমন কথা? দেশে কি কোনো বিচার নেই?”

অন্যদিকে, অভিযোগের বিষয়ে বিবাদী নুরুল ইসলাম মুঠোফোনে বলেন, “থানা থেকে দারোগা এসে যা সত্য বলবে, তা আইনের মাধ্যমে হবে।”

ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত, জমির মালিকানা ও দখলসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিস্তারিত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারাও ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা