২২ নভেম্বর (রবিবার)
সারদেশের ন্যায় ঘূর্ণিঝড় আকভানের প্রভাব পড়েছে উত্তরের জেলা নওগাঁর সিমান্তবর্তী উপজেলা ধামইরহাট। গত দুই দিন ধরে মাঝারি ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে নিম্নচাপের ফলে ঝরে পড়ছে বৃষ্টি। সঙ্গে জেঁকে বসেছে শীত। এতে ব্যহৃত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম।
টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় পুরো দেশের ন্যায় সীমান্তবর্তী উপজেলা ধামইরহাটের বিভিন্ন গ্রামে আমন ধান কাটায় বিঘ্ন ঘটছে।ফলে মাঠের পাকা ধান ও কেটে রাখা ফসল নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একইসঙ্গে আগাম শীতকালীন সবজির ব্যাপক ক্ষতির শঙ্কাও দেখা দিয়েছে পুরো উপজেলা জুড়ে।
তবে উপজেলা কৃষি অফিসার বলছে, বর্তমান বৃষ্টিতে আমন ধানের বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই।
ধামইরহাটে কয়েক দিনের অবিরাম বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।এরফলে স্বল্প আয়ের মানুষ ও শিশুরা বেশী সংকটে পড়েছে।
এছাড়াও ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, স্কুল কলেজগামী শিক্ষার্থীরা।
ধামইরহাট উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, টানা বর্ষণে গ্রামীণ কাঁচা ও আধাপাকা সড়ক কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অনেক স্থানে পানি জমে যাওয়ায় পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।
অতিবৃষ্টি ফলে আগাম শীতকালীন সবজি, শিম, মুলা, ফুলকপি, বাঁধাকপি, লালশাক ও পালংশাকের ক্ষেতে জলাবদ্ধতা দেখা দিলে চারা ও গাছ পচে ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
উপজেলার মঙ্গলবাড়ীর স্থানীয় কয়েকজন কৃষক জানান, সারা বছরের পরিশ্রমে ফসল ঘরে তোলার মুখে এমন বৃষ্টিতে তারা বড় ক্ষতির আশঙ্কায় রয়েছেন। জমিতে দীর্ঘক্ষণ পানি জমে থাকলে ধান কাটা ও মাড়াইয়ের কাজে বিলম্ব হবে এবং উৎপাদনও কমে যেতে পারে।
ধামইরহাট উপজেলার ১নং ধামইরহাট ইউনিয়ন এর কৃষক সাহাজাহান বলেন, মাঠে আমন ধান পুরোপুরি পেকে গেছে। তারা গত এক সপ্তাহ থেকে ধান কাটা শুরু করেছেন। তবে বৃষ্টির কারণে রোদ না থাকায় কাটা ধান মাড়াই ও শুকানো যাচ্ছে না। কাজের লোক এনেও কাজ করাতে না পারলেও তাঁদের টাকা দিতে হচ্ছে।এমন হলে আমরাত আলু,সরিষা লাগাতে পারবো না।
নওগাঁর ধামইরহাট উপজেলায় চলতি (২০২৬) আমন মৌসুমে ২১ হাজার ৫২০ হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আমন ধান পুরোপুরি পেকে যাওয়ায় কৃষকেরা কাটা শুরু করেছেন। তবে এই বৃষ্টিতে কৃষকের কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছে কৃষি বিভাগ।তবে আলু এবং সরিষা লাগানোর সময় পিছাতে পারে।
গতকাল শনিবার (২১ নভেম্বর) মঙ্গলবার আবহাওয়া পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্মগুলোর তথ্য অনুযায়ী, ২১ নভেম্বর ২০২৬ তারিখে নওগাঁর ধামইরহাট উপজেলায় প্রায় ১৯.৩ মিলিমিটার (বা ০.৮৬ ইঞ্চি / প্রায় ২১.৮ মিলিমিটার) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
উপজেলার জগদল গ্রামের কৃষক যোহন হাঁসদা বলেন, তিনি প্রায় ৩০ শতক জমির ধান কেটেছেন। কিন্তু সেগুলো মাড়াই করতে পারছেন না। মাড়াই করা ধানও শুকাতে পারছেন না। মাঠে আরও কিছু জমির ধান কাটার বাকি রয়েছে। সব মিলিয়ে হঠাৎ বৃষ্টিতে সবকিছু এলোমেলো হয়ে গেছে।
অন্য কৃষক ফজলু বলেন মাঠে পেকে থাকা ধান কাটার উপযুক্ত সময় হলেও বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে ফসল কাটার কাজ। বৃষ্টির বিরতি পেয়ে ধান কাটতে মাঠে ছুটে যাচ্ছেন কৃষকেরা। কিন্তু কিছুক্ষণ পর আবার বৃষ্টি শুরু হওয়ায় কাজ বন্ধ রেখে ফিরে আসতে হচ্ছে তাদের। এতে জমিতে থাকা পাকা ধান ও কেটে রাখা ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।তাছাড়া শ্রমিকদের দিতে হচ্ছে অতিরিক্ত পারিশ্রমিক।
উপজেলার উমার ইউনিয়ন এর ছাতানকুড়ি গ্রামের কৃষক ও জগদল আদিবাসী স্কুল ও কলেজে এর প্রভাষক রুহুল আমিন ববি বলেন, এমনিতেই ধান চাষ করে খুব একটা লাভ হয় না। তার ওপর নানা প্রতিকূলতায় উৎপাদন খরচ বেড়েছে, কমেছে ফলন। কৃষকেরা যে ফসলই উৎপাদন করেন, অনেক সময় তার ন্যায্যমূল্য পান না। উৎপাদন ভালো হলেও বাজারে দাম থাকে না। সব মিলিয়ে কৃষকদের অবস্থা এখন খুবই খারাপ। বৃষ্টিতে পাকা ধান ঘরে তুলতে না পারায় সেই সংকট আরও বেড়েছে।
আমন ধান ঘরে তোলার গুরুত্বপূর্ণ সময়ে বৃষ্টিতে নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন বিভিন্ন অঞ্চলের কৃষকেরা। কৃষি বিভাগ বড় ধরনের ক্ষতির আশঙ্কা না দেখলেও টানা বৃষ্টি অব্যাহত থাকলে পাকা ধান ও কেটে রাখা ফসলের ক্ষতির শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না কৃষকেরা।
তাই আবহাওয়ার উন্নতি ও রোদ ওঠার অপেক্ষায় প্রহর গুনছে ধামইরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের কৃষক। প্রকৃতির একটু হাসিতে যেন প্রাণ ফিরে পায় কৃষক এমনটি আশা করছে সবাই।