মো:রমিজ আলী,
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর সাইনবোর্ড এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক আনন্দঘন ও উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।
বিদ্যালয়ের আরবি শিক্ষক হাফেজ মো. ইফতেখার উদ্দিনের সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক মো. তৈয়ব উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আহমদ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন আল কাদেরী, মাওলানা মো. আলাউদ্দিন, মাওলানা মো. মুসলিম ও এম এ মান্নান জিকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারমিন আক্তার ও হারুনুর রশিদ।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। পরে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মনোজ্ঞ নৃত্য পরিবেশনা অনুষ্ঠানে বাড়তি আনন্দের মাত্রা যোগ করে। শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত অতিথি ও অভিভাবকরা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। এ সময় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তানজিনা আক্তার, সিনিয়র শিক্ষক নিগার সুলতানা এনি, সহকারী শিক্ষক সুকুমার দাশ, মাহিয়া সুলতানা, নুসরাত জাহান, নিশা আক্তার, মিনু আক্তার, মো. ইফতেখার উদ্দিনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন নয়, বরং পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা প্রয়োজন। এসব আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারা আরও আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হবে।