ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভাতুরিয়া মাঠে অনুষ্ঠিত মরহুম আলহাজ্ব আব্দুল আজিজ স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় এক গোলে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে কাঁঠালডাঙ্গী যুব সমাজ।
শুক্রবার (২০ নভেম্বর ) অনুষ্ঠিত এই হাইভোল্টেজ সেমিফাইনালে কাঁঠালডাঙ্গী যুব সমাজকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে রাব্বি সু-স্টার, রাণীশংকৈল।নির্ধারিত সময়ে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট খেলা উপহার দিলেও একমাত্র গোলের ব্যবধানেই জয় নিশ্চিত করে রাব্বি সু-স্টার। শেষ মুহূর্ত পর্যন্ত সমতায় ফেরার চেষ্টা করেও গোলের দেখা পায়নি কাঁঠালডাঙ্গী যুব সমাজ।
খেলা দেখতে মাঠে হাজারো দর্শকের উপস্থিতি ছিল। টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয় সেমিফাইনালের লড়াই।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাহিদ রানা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক, জনতার দল।গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তোজাম্মেল আলম সরকার, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, লোহাগড়া ডিগ্রী কলেজ ও শিক্ষা ব্যবস্থাপক, উদয়ন একাডেমী স্কুল এন্ড কলেজ, কাঁঠালডাঙ্গী, হরিপুর, ঠাকুরগাঁও।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদয়ন একাডেমী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকবৃন্দ।
খেলাটির আয়োজন করে ভাতুরিয়া ইউনিটি স্পোর্টিং ক্লাব।
আয়োজক কমিটি জানায়, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে খেলা সম্পন্ন হয়েছে।