• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

জঙ্গল সলিমপুরে ইয়াসিনের অপরাধ সাম্রাজ্যে বড় আঘাত, ছয় সহযোগী গ্রেপ্তার

মোঃ রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি; / ১৩ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

মো:রমিজ আলী,

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকেন্দ্রিক চিহ্নিত সন্ত্রাসী ইয়াসিন ওরফে জামাই ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কে বড় ধরনের আঘাত হেনেছে চট্টগ্রাম জেলা পুলিশ। ইয়াসিনসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে র‍্যাব সদস্য হত্যা, যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা-ভাঙচুর, সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি, ক্যাম্পের পানিতে বিষ মেশানোসহ বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ও ফেসবুক পেজ ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং সাধারণ মানুষকে উসকে দেওয়ার একটি সংগঠিত নেটওয়ার্কের তথ্যও পেয়েছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মোবাইল ফোন পর্যালোচনা করে ইতোমধ্যে ৩৯টি পেজ ও আইডির সন্ধান পাওয়া গেছে।

চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মাসুদ রানার নেতৃত্বে জেলা সাইবার ইউনিটের বিশেষ আভিযানিক দল গতকাল রাতভর চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামী ও হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ইয়াসিন ওরফে জামাই ইয়াসিন, আব্দুর শুক্কুর, মো. পারভেজ মোশারফ, মেহেদী হোসেন, মো. সাকিবুল হাসান ও মো. আনোয়ার হোসেন।

পুলিশের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, আব্দুর শুক্কুর ইয়াসিনের সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করতেন। ইয়াসিনের বিভিন্ন কর্মকাণ্ড, জমি ক্রয়-বিক্রয়ের ব্যবস্থাপনা এবং অপরাধমূলক কার্যক্রম পরিচালনায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে জানা গেছে।

অন্যদিকে মেহেদী হোসেন ও সাকিবুল হাসান আপন দুই ভাই এবং ইয়াসিনের বোনের ছেলে। তারা ‘আলিনগর বহুমুখী সমবায় সমিতি’ নামের ফেসবুক পেজের অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করতেন বলে প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে। আনোয়ার হোসেনও ইয়াসিনের বোনের ছেলে। বিভিন্ন ভুয়া আইডি ব্যবহার করে প্রচারণায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পারভেজ মোশারফকেও ইয়াসিনের সহযোগী হিসেবে চিহ্নিত করেছে গোয়েন্দা পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের নেটওয়ার্ক

গোয়েন্দা অনুসন্ধানে জানা গেছে, ইয়াসিনের নির্দেশনায় পরিচালিত এই চক্র অপরাধমূলক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমকেও নিজেদের স্বার্থে ব্যবহার করত। বিভিন্ন ফেসবুক পেজ ও ভুয়া আইডি থেকে পুলিশ, বিজিবি, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও সরকারি সিদ্ধান্ত নিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য প্রচার করা হতো।

পরিকল্পিতভাবে পোস্ট প্রকাশ, সমন্বিত লাইক-কমেন্ট-শেয়ার এবং অর্থের বিনিময়ে পেইড বুস্টিংয়ের মাধ্যমে এসব প্রচারণা ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশাসনবিরোধী মনোভাব তৈরির চেষ্টা করা হতো বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে আটটি অ্যান্ড্রয়েড ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এসব ডিজিটাল ডিভাইস ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত মোবাইল ফোন পর্যালোচনা করে অপপ্রচার ও সংশ্লিষ্ট অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ৩৯টি ফেসবুক পেজ ও আইডির সন্ধান পেয়েছে পুলিশ। এসব অ্যাকাউন্টের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে। অপরাধ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

জঙ্গল সলিমপুরে অপরাধ দমনে কঠোর অবস্থানে পুলিশ

দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুরে ভূমি দখল, অবৈধ বাণিজ্য, প্রতারণা ও সন্ত্রাসী তৎপরতা নিয়ে নানা অভিযোগ রয়েছে। এসব অপরাধ নির্মূল করে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, সরকারি খাসজমি ও পাহাড় রক্ষা এবং স্থানীয় বাসিন্দাদের নির্বিঘ্ন চলাচল ও নিরাপদ বসবাস নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশ কাজ করছে।

এ লক্ষ্যে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার, গোয়েন্দা নজরদারি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এলাকায় ছয়টি রাস্তা নির্মাণের কাজ দৃশ্যমান হয়েছে, যা স্থানীয় যোগাযোগব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখছে।

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি, মিথ্যা তথ্য ও অর্থের বিনিময়ে পরিকল্পিত প্রচারণা চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি কিংবা সরকারি আইনানুগ কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা বরদাশত করা হবে না। জঙ্গল সলিমপুরে সন্ত্রাসমুক্ত পরিবেশ প্রতিষ্ঠা, সরকারি সম্পত্তি রক্ষা এবং ভূমিসংক্রান্ত অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

বিশেষ দ্রষ্টব্য: গোয়েন্দা নজরদারিতে থাকা ৩৯টি পেজ ও আইডির নামের তালিকা প্রতিবেদনে আলাদাভাবে প্রকাশ না করে তদন্তের স্বার্থে সংরক্ষণ করা হয়েছে। কারণ, নজরদারিতে থাকা মানেই সংশ্লিষ্ট ব্যক্তি বা পেজ অপরাধে জড়িত—এমনটি প্রমাণিত নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা