জৈন্তাপুরকে পৌরসভা হিসেবে অনুমোদন দেওয়ায় জৈন্তাপুর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জৈন্তাপুর সদরে একটি আনন্দ মিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, সরকারের পক্ষ থেকে জৈন্তাপুরকে পৌরসভা হিসেবে অনুমোদন দেওয়ার পর পরই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। এই আনন্দঘন মুহূর্তকে উদযাপন করতে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ জৈন্তাপুর সদরের প্রধান প্রধান সড়কে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করেন।
মিছিলটি জৈন্তাপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের হাতে ছিল ব্যানার ও ফেস্টুন। ব্যানারে জৈন্তাপুরকে পৌরসভা হিসেবে অনুমোদন দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। আনন্দ মিছিলে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো জৈন্তাপুর সদর এলাকা।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে স্থানীয় নেতৃবৃন্দ এই যুগোপযোগী ও জনকল্যাণমুখী সিদ্ধান্তের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষকে ধন্যবাদ জানান। তারা বলেন, জৈন্তাপুর পৌরসভা ঘোষিত হওয়ায় এলাকার উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা আরও বহুগুণ বৃদ্ধি পাবে।
উক্ত আনন্দ মিছিলে জৈন্তাপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।