পঞ্চগড়ে তাবলিগ জামাতের সাদপন্থীদের ইজতেমা আয়োজন বন্ধের দাবি জানিয়েছে ঈমান আকিদা রক্ষা কমিটি ও হেফাজতে ইসলাম জেলা কমিটি। এ দাবিতে সোমবার (৯ নভেম্বর) সকালে পঞ্চগড় প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করেন সংগঠন দুটির নেতারা।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ঈমান আকিদা রক্ষা কমিটির সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী মো. আব্দুল্লাহ, খেলাফত মজলিসের সভাপতি ও কমিটির প্রচার সম্পাদক হাফেজ মীর মোর্শেদ তুহিন, সহসভাপতি সাইফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু শাহীন এবং সদস্য আব্দুল বারী।
বক্তারা বলেন, কোনো ব্যক্তি বা নির্দিষ্ট গোষ্ঠীর বিরোধিতা করা তাঁদের উদ্দেশ্য নয়। বরং ইসলামের মৌলিক বিশ্বাস ও আকিদা সংরক্ষণ এবং ধর্মীয় মূল্যবোধ রক্ষায় তাঁরা কাজ করছেন। তাঁদের অভিযোগ, তাবলিগের নামে বিভ্রান্তিকর বক্তব্য ও মতাদর্শ প্রচার করা হলে তার প্রতিবাদ জানানো ধর্মীয় দায়িত্বের অংশ।
সংবাদ সম্মেলনে সাদপন্থীদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে বক্তারা দাবি করেন, তাঁদের কিছু বক্তব্য ইসলামের মৌলিক বিশ্বাসের পরিপন্থী। কোরআন শিক্ষা দিয়ে পারিশ্রমিক গ্রহণের বিষয়েও আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।
এ সময় ২০১৮ ও ২০২৪ সালে টঙ্গীর ইজতেমা মাঠে সংঘটিত হামলার প্রসঙ্গ তুলে ধরে বক্তারা বলেন, ওই ঘটনায় বহু আলেম ও মুসল্লি হতাহত হন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে।
বক্তারা আরও বলেন, সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় বিশ্বাস ও আকিদা সুরক্ষার স্বার্থে পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা আয়োজন বন্ধ করা প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাঁদের দাবি উপেক্ষা করে ইজতেমা আয়োজন করা হলে কিংবা এ ঘটনাকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে এর দায় প্রশাসনকে নিতে হবে।
ধর্মীয় বিরোধকে কেন্দ্র করে যাতে পঞ্চগড়ের শান্তিপূর্ণ পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে জন্য ইজতেমা আয়োজনের আগেই প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন সংবাদ সম্মেলনে অংশ নেওয়া নেতারা।
এ সময় ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম ও ঈমান আকিদা রক্ষা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।