নিজস্ব প্রতিবেদক; মোঃ মামুন রহমান, আটোয়ারী পঞ্চগড়
শিক্ষার্থীদের মেধা বিকাশ, সুপ্ত প্রতিভার অন্বেষণ এবং শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬। শুক্রবার সকাল ১০টায় জেলার ছয়টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষার কেন্দ্রগুলো ছিল আটোয়ারী মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ, পঞ্চগড় এম. আর. কলেজ, তেঁতুলিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, ভজনপুর কলেজ, ময়দানদিঘী উচ্চ বিদ্যালয়, ও দেবীগঞ্জ সরকারি কলেজ। এর মধ্যে পঞ্চগড় এম. আর. কলেজ কেন্দ্রে ১ হাজার ২৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরামের পঞ্চগড় জেলা চেয়ারম্যান রাশেদ ইসলাম। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, “শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি তাদের মধ্যে জ্ঞানচর্চা ও সৃজনশীলতার আগ্রহ তৈরিতে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা বিশ্বাস করি, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই তাদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীল চিন্তাধারায় সমৃদ্ধ করে গড়ে তোলা অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন, “আমাদের প্রত্যাশা, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও যোগ্যতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখবে। কিশোরকণ্ঠ পাঠক ফোরাম শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।”
পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, স্বেচ্ছাসেবক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।