ফেনীর পরশুরামে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরশুরাম মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদী আব্দুল মান্নান মজুমদার (৪০), পিতা-মৃত সামছুল মিয়া মজুমদার, সাং-দক্ষিণ মোহাম্মদপুর (মুক্তিযোদ্ধা বাড়ি), ওয়ার্ড নং-৮, বক্সমাহমুদ, থানা-পরশুরাম।
অভিযুক্তরা হলেন- শাহজাহান (৩৫), পিতা-শুক্কুর মিয়া, সাং-উত্তর তালবাড়ীয়া, ইয়াছিন (৩৫), পিতা-আবুল বশর, সাং-দক্ষিণ মোহাম্মদপুর, আজগর, পিতা-আজগর, ওয়ার্ড নং-৮, বক্সমাহমুদ।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ০২/১১/২০২৬ খ্রি. রাত আনুমানিক ১১:০০ ঘটিকার সময় পরশুরাম থানাধীন বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর সাকিনস্থ মুক্তিযোদ্ধার বাড়ির সামনে ছাগলনাইয়া-পরশুরাম প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
বাদীর অভিযোগ, ১নং বিবাদী তার পাশের এলাকার পরিচিত ব্যক্তি। তার সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধের জের ধরে ওই রাতে নিজ বাড়ির পাশে গরুর পরিচর্যা করার সময় ১নং বিবাদী কৌশলে ঘটনাস্থলে ডেকে নিয়ে যায়। সেখানে ৩নং বিবাদী তাকে জাপটে ধরে রাখে এবং ১নং বিবাদী তার হাতে থাকা ধারালো দা (ছুরি) দিয়ে গলায় আঘাত করে। বাধা দিতে গেলে ডান হাতেও গুরুতর কাটা জখম হয়। এ সময় তার চিৎকারে স্ত্রী ও আশপাশের লোকজন এগিয়ে এলে বিবাদীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে আহত অবস্থায় তাকে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা প্রদান করেন।
ভুক্তভোগী আব্দুল মান্নান মজুমদার অভিযোগে উল্লেখ করেন, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে ২ ও ৩ নং বিবাদীর সহায়তায় তাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।