ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ৩১ হাজার ৩৩৬ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম। এ সময় নির্বাচনি ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট।
এ ছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আবদুল আলীম নিজামী (বটগাছ) প্রতীকে পেয়েছেন ৮৩৬ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) পেয়েছেন ৩ হাজার ২৮৮ ভোট। বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব) প্রতীকে পেয়েছেন ৪৪৯ ভোট।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের এ উপনির্বাচনে মোট ভোট পড়েছে ৬৪ দশমিক ৭৭ শতাংশ।
বিপুল ভোটের ব্যবধানে জয়লাভের মধ্য দিয়ে ঠাকুরগাঁও-১ আসনের সংসদীয় উপনির্বাচনে নিজেদের অবস্থান সুসংহত করল বিএনপি।