বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনীর পরশুরামে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ডাকবাংলা মোড় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে সিএনজি স্টেশন সংলগ্ন সোনালী ব্যাংকের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিলের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের লিটনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, যুগ্ম আহ্বায়ক কাজী জহিরুল করিম জনি, সুমন চক্রবর্তী এবং জাকির হোসেন। এতে মির্জানগর, চিথলিয়া ও বক্সমাহমুদ ইউনিয়ন যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সভাপতির বক্তব্যে শামসুল আলম শাকিল বলেন, “যুবদল একটি সুসংগঠিত সংগঠন। অতীতের যেকোনো সংকট ও দুর্যোগে যুবদল রাজপথে থেকে অবদান রেখেছে, ভবিষ্যতেও থাকবে।” একইসঙ্গে তিনি সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশে যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের লিটন আগামী নির্বাচনে যোগ্য ও ত্যাগী যুবদল নেতাদের মূল্যায়নের দাবি জানিয়ে ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনুসহ দলের নীতি-নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেন।