সিলেটের জৈন্তাপুর উপজেলায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। উপজেলার তৈয়ব আলী ডিগ্রি কলেজসংলগ্ন এলাকা থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে (১:৩০ মিনিটে) পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে প্রাপ্ত আলামত—বিশেষ করে তাঁর পাশে থাকা স্যান্ডেলভর্তি ঝুড়ি দেখে পুলিশের প্রাথমিক ধারণা, তিনি হয়তো ফেরি করে গ্রামে গ্রামে পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
তবে কী কারণে তাঁর মৃত্যু হলো, তা এখনো রহস্যাবৃত। বর্তমানে তাঁর পরিচয় নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মৌল্লা জানিয়েছেন, নিহতের পরিচয় উদঘাটনে সাধারণ মানুষের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।
আপনার আশপাশে বা পরিচিত মহলে কাউকে কি এমন পেশার মানুষ হিসেবে মনে পড়ছে? কোনো তথ্য জানা থাকলে দ্রুত জৈন্তাপুর থানায় যোগাযোগ করে মানবিক এই কাজে অংশ নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।