মহসিনঃ বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে মোকামতলা-জয়পুরহাট মহাসড়কে পেছন থেকে ভুট্টাবোঝাই ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে একটি সিএনজিচালিত অটোরিকশা। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন চালক আপেল। তবে তিনি শরীরের বিভিন্ন স্থানে কাটা-ছেঁড়া ও হাত-পায়ে আঘাত পেয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাদুরিয়া ও বলরামপুরের মাঝামাঝি তালতলা এলাকায় এন আর ইসলামিক পাইওনিয়ার স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়ক দিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি চলাচলের সময় পেছন থেকে একটি ভুট্টাবোঝাই ট্রাক ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। তবে চালক আপেল প্রাণে বেঁচে যান। তিনি শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। আহত সিএনজি অটোরিকশা চালক আপেল মাহমুদ প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে রয়েছেন।