সিলেটের বুধিগাঁও হাওড় সংলগ্ন এলাকায় বসতবাড়ির গৃহস্থালি ব্যবহারের পানির মোটর চুরির হিড়িক পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সারি নদী থেকে বাসা-বাড়িতে পানি সেচ ও সরবরাহের কাজে ব্যবহৃত অন্তত ২০টি পানির পাম্প বা মোটর সম্প্রতি চুরি হয়ে গেছে। রাতের আঁধার নামলেই সংঘবদ্ধ চোরচক্র নদীপাড়ে স্থাপন করা এসব পানির মোটর কেটে বা খুলে নিয়ে চম্পট দিচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা তাদের বাসা-বাড়িতে দৈনন্দিন ব্যবহারের পানি তোলার জন্য সারি নদীর পাড়ে ইলেকট্রিক ওয়াটার পাম্প/পানির মোটর বসিয়ে থাকেন। তবে সম্প্রতি সুযোগ বুঝে রাতের বেলায় দুষ্কৃতকারীরা একের পর এক পানির মোটর চুরি করে নিয়ে যাচ্ছে। একই গ্রাম থেকে এতগুলো পাম্প চুরির ঘটনায় তীব্র ক্ষোভ ও চরম দুশ্চিন্তা ছড়িয়ে পড়েছে পুরো এলাকা জুড়ে।
মোটরগুলো চুরি হয়ে যাওয়ায় দৈনন্দিন সুপেয় ও গৃহস্থালি কাজের পানি ব্যবহার চরমভাবে ব্যাহত হচ্ছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন ভুক্তভোগী পরিবারগুলো। এ অবস্থায় চুরি হওয়া পাম্পগুলো উদ্ধার ও সংঘবদ্ধ চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ এবং নদীপাড় ও হাওড় এলাকায় নৈশ টহল বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।