পঞ্চগড়ের তেঁতুলিয়ার ঐতিহাসিক স্থাপনা, বাংলাবান্ধা স্থলবন্দর ও সমতলের চা বাগান ঘুরে দেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. রইস উদ্দীন। সপরিবারে তেঁতুলিয়া সফরকালে তিনি এলাকার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক নিদর্শন ও স্থানীয় মানুষের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেন।
গত ৮ অক্টোবর তেঁতুলিয়ায় আগমন করেন অধ্যাপক ড. রইস উদ্দীন। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন একই বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মো. নাঈম আখতার সিদ্দিক এবং তেঁতুলিয়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক দিনকালের তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি মো. সোহরাব আলী।
ভিসির তেঁতুলিয়া আগমনের সংবাদ পেয়ে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন পঞ্চগড় জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মুফতি মহিবুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী খাইরুল ইসলামসহ তেঁতুলিয়া উপজেলা ওলামা দলের নেতৃবৃন্দ।
তেঁতুলিয়া ডাকবাংলোতে সৌজন্য সাক্ষাৎকালে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অধ্যাপক ড. রইস উদ্দীন বলেন, ১৯৮১ সালে মহান স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ডাকবাংলোতে রাত্রিযাপন করেছিলেন। একই ডাকবাংলোতে রাত্রিযাপন করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন তিনি।
তিনি আরও বলেন, তেঁতুলিয়া অত্যন্ত মনোমুগ্ধকর একটি জায়গা। এখানকার মানুষ সরল, শান্ত ও অতিথিপরায়ণ। এ ছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক সহচর, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের জন্মস্থান তেঁতুলিয়া এলাকায় বেড়াতে এসেও তাঁর ভালো লাগছে।
সফরের পরদিন ৯ অক্টোবর সকালে অধ্যাপক ড. রইস উদ্দীন সপরিবারে বাংলাবান্ধা স্থলবন্দর, কাজী অ্যান্ড কাজী টি এস্টেট, তেঁতুলিয়ার সমতলের চা বাগান এবং উপজেলার বিভিন্ন ঐতিহাসিক স্থান ঘুরে দেখেন।
সফর শেষে ওই দিন বিকেলে তিনি ঢাকার উদ্দেশ্যে তেঁতুলিয়া ত্যাগ করেন। তাঁর এ সফরের মধ্য দিয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক গুরুত্ব ও পর্যটন সম্ভাবনার বিষয়টি নতুন করে আলোচনায় উঠে আসে।