‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীর পরশুরামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে র্যালি, দুর্যোগ মোকাবিলা বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় পরশুরাম উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজীব আহমেদ, পরশুরাম পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজ, পৌর বিএনপির সদস্যসচিব মাহবুবুল হক মজুমদার, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আবু তালেব রিপন এবং পরশুরাম ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজসহ ফায়ার সার্ভিসের অন্যান্য সদস্য, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
দিবসটি উপলক্ষে একটি সচেতনতামূলক র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ফায়ার সার্ভিসের উদ্যোগে ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও বন্যাসহ বিভিন্ন দুর্যোগকালীন উদ্ধার তৎপরতা বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগের ঝুঁকি হ্রাসে পরিবার থেকেই প্রস্তুতি শুরু করতে হবে। দুর্যোগকালীন করণীয় সম্পর্কে জানা থাকলে এবং আগাম প্রস্তুতি থাকলে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। এ ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।