আল আমিন,শেরপুর প্রতিনিধি:
জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদ্যাপন উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র্যালি, কন্যাশিশু সমাবেশ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) শেরপুর জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমি, শেরপুরের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মিজ্ আরিফা সিদ্দিকা, বিশিষ্ট সমাজসেবী মিজ্ রাজিয়া সামাদ ডালিয়া এবং শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার সুরক্ষা, নিরাপদ শৈশব নিশ্চিত করা, শিক্ষা ও পুষ্টির সুযোগ বৃদ্ধি এবং বাল্যবিবাহ প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, কন্যাশিশুর সুস্থ ও নিরাপদভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তাঁরা আরও বলেন, কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানের শেষপর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।