মানিকগঞ্জ শহরের ঐতিহ্যবাহী কালীবাড়ি এলাকার সাংস্কৃতিক সংগঠন স্বরলিপি সংগীত নিকেতনের উদ্যোগে আনন্দঘন পরিবেশে বার্ষিক নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। এতে সংগীত নিকেতনের শিল্পী, কলাকুশলী, ভক্ত ও অনুরাগীরা অংশ নেন।
রবিবার (১১ অক্টোবর ২০২৬) সকালে মানিকগঞ্জের বেওথা এলাকায় কালীগঙ্গা নদীর তীর থেকে এ নৌকা ভ্রমণ শুরু হয়। নদীর বুকে ভ্রমণকে কেন্দ্র করে শিল্পী ও সংগীতপ্রেমীদের মধ্যে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। নৌকায় গান, আড্ডা ও পারস্পরিক আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে দিনটি উপভোগ করেন অংশগ্রহণকারীরা। কালীগঙ্গা নদী থেকে তিল্লি হয়ে ঘিওর উপজেলার উদ্দেশে যাত্রা করে নৌকাটি বিকেল ৫টার দিকে গন্তব্যে পৌঁছায়।
নৌকা ভ্রমণে অংশ নেন বিশিষ্ট কণ্ঠশিল্পী নাছরিন আহমেদ, বশির আহমেদ মাস্টার, আবু হাসান, স্বপ্না বেগম, সুমা, কল্পনা বেগম, সুলতান হোসেন, মোশাররফ হোসেন, দেবাশীষ রায়, সাইফুল ইসলাম, অজিত রায় ও মিদুলসহ স্বরলিপি সংগীত নিকেতনের অন্যান্য শিল্পী ও কলাকুশলীরা।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক কামাল আহমেদ কমল।
এ ধরনের আয়োজন সংগীতশিল্পীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। আনন্দঘন এই ভ্রমণের সফল সমাপ্তিতে তাঁরা মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।