নানা বর্ণাঢ্য আয়োজন, উৎসবমুখর পরিবেশ ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে প্রতিষ্ঠানের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. খায়রুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী।
প্রতিষ্ঠানের চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্করের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সরকারি দেবেন্দ্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদ হাসান, বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মতিউর রহমান, প্রেসক্লাবের সহসভাপতি শাহজাহান বিশ্বাস, যুগ্ম সম্পাদক রিপন আনছারী,সাংবাদিক আবুল হোসেন এলএলবি,এবং জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মিনহাজ মিয়া।
এ ছাড়া অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি তাদের উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করা এবং ভবিষ্যৎ জীবনে সাফল্য অর্জনে উৎসাহ জোগানোই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অতিথিরা নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন। শিক্ষাজীবনে জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্যরা।