ভারত থেকে পুশইনের শিকার হয়েছেন দাবি করা ছয় বাংলাদেশিকে পঞ্চগড় জেলা শহর থেকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে জেলা শহরের শের-ই-বাংলা পার্ক সংলগ্ন শ্যামলী পরিবহনের কাউন্টার থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—সুনামগঞ্জের রঙ্গারচর বিন্দাবননগর এলাকার বাচ্চু মিয়া (৬০), তার স্ত্রী আমিনা বেগম (৫৫), মেয়ে দিলারা বেগম (৩০), সিলেটের কোম্পানীগঞ্জের চরারবাজার এলাকার মফিজ উদ্দিন (৩২), সুনামগঞ্জের কোম্পানীগঞ্জের কান্দিসুমতনগর এলাকার সুমন মিয়া (২০) এবং তার ফুফাতো ভাই সজিব মিয়া (১৯)।
আটক ব্যক্তিদের দাবি, তারা সুনামগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে দালালচক্রের মাধ্যমে অবৈধ পথে জনপ্রতি ১৫ হাজার টাকা খরচ করে ভারতে প্রবেশ করেন। পরে ভারত-অধ্যুষিত কাশ্মীরের শ্রীনগর এলাকায় ফলের বাগানসহ বিভিন্ন স্থানে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
তাদের ভাষ্য অনুযায়ী, প্রায় পাঁচ থেকে ছয় মাস আগে তারা ভারতে পুলিশের হাতে আটক হন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। সম্প্রতি কারাগার থেকে তাদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কাছে হস্তান্তর করা হয়। এরপর মঙ্গলবার ভোরে পঞ্চগড়ের কোনো একটি সীমান্ত এলাকা দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করে বলে তারা দাবি করেন।
সীমান্ত পার হওয়ার পর তারা পঞ্চগড় জেলা শহরে এসে নাস্তা করেন। পরে বিকাশের মাধ্যমে টাকা এনে ঢাকাসহ নিজ নিজ এলাকায় যাওয়ার জন্য বাসের টিকিট বুক করতে শ্যামলী পরিবহনের কাউন্টারে যান। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সদর থানা পুলিশ তাদের আটক করে।
তবে ঠিক কোন সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য দিতে পারেননি আটক ব্যক্তিরা। পুলিশের ধারণা, পঞ্চগড় জেলা শহরের কাছাকাছি কোনো সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করা হয়ে থাকতে পারে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, “আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা নিজেদের বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচয় দিয়েছেন। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”