মাদারীপুরের কালকিনি উপজেলার ঢাকা–বরিশাল মহাসড়ক সংলগ্ন ভূরঘাটা–মজিদবাড়ী এপার-ওপার এলাকার দীর্ঘদিনের বিরোধের শান্তিপূর্ণ মীমাংসার লক্ষ্যে শালিস বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে স্থানীয় একটি মাঠে এ বৈঠকের আয়োজন করা হয়।
শালিস বৈঠকে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার (খোকন), কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস, কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল আলম, ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান মাহমুদ এবং গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল।
এছাড়া উভয় পক্ষের লোকজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে উভয় পক্ষের বক্তব্য শোনা হয়। পরে উপস্থিত সবার অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা ও সমঝোতার মাধ্যমে বিরোধটি শান্তিপূর্ণভাবে মীমাংসা করা হয়। এ সময় শালিসের প্রধান ব্যক্তি উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
বৈঠকের সিদ্ধান্তে উপস্থিত সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন। স্থানীয়রা বলেন, আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান হলে এলাকায় শান্তি ও সামাজিক সম্প্রীতি বজায় থাকে।
শেষে উভয় পক্ষ পরস্পরের প্রতি সৌহার্দ্য বজায় রেখে ভবিষ্যতে মিলেমিশে থাকার অঙ্গীকার করেন।