লোহাগাড়ায় ২ হাজার পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেফতার চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবা, একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার ১১ সেপ্টেম্বর রাত ১টা ২০ মিনিটের দিকে লোহাগাড়া থানাধীন চুনতী রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চেকপোস্ট পরিচালনাকালে একটি Foton পিকআপ (রেজিঃ চট্টগ্রাম মেট্রো-ন-১২-০৬৩৪) আটক করে পুলিশ।
পরে গাড়িটি তল্লাশির সময় আটক ব্যক্তিদের দেখানো মতে চালকের সিটের পেছনের পকেটে বিশেষ কৌশলে লুকানো সাদা পলিথিনে মোড়ানো একটি পুটলা উদ্ধার করা হয়। পুটলার ভেতর থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৭.৬৫ মিমি ‘Made in USA’ খোদাইকৃত একটি সচল পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. তারেকুল ইসলাম (২৬), পিতা মো. আবুল কালাম এবং মো. রাশেদুল ইসলাম প্রকাশ রুবেল (৩৮), পিতা আহম্মেদ আলী। তাদের বাড়ি কক্সবাজার সদর থানাধীন খুরুসকুল ৬ নম্বর ওয়ার্ড এলাকায়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা কক্সবাজারের কুরুশকুল এলাকা থেকে চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে যাওয়ার কথা স্বীকার করেছে। তাদের দাবি, একই এলাকার মামুন নামে এক ব্যক্তির সঙ্গে যোগসাজশে বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র পরিবহন করছিল তারা। মামুন মাদক ও অস্ত্র গ্রহণের উদ্দেশ্যে ইতোমধ্যে বাসযোগে চট্টগ্রাম শহরে চলে যায়।
পলাতক মামুনকে গ্রেফতার এবং এ ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের নির্দেশনায় মাদক, অবৈধ অস্ত্র ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত চেকপোস্ট, তল্লাশি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধারকৃত মাদক ও অস্ত্রের বিষয়ে প্রচলিত আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।