টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ২০২৫-২৬ অর্থবছরের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় এসব সহায়তা দেওয়া হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ঘাটাইল উপজেলার ধলাপাড়া চন্দন গণ উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস. এম. ওবায়দুল হক নাসির। ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমাদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুন নাহার স্বপ্না, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বিল্লাল হোসেন এবং সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঘাটাইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, ঘাটাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান শামসুল আলম, অধিবাসী নেতা স্বপন কুমার কোচ, মহানন্দ চন্দ্র বর্মনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধলাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম।
বক্তারা বলেন, পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে সরকারের এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের বাইসাইকেল দেওয়ার ফলে বিদ্যালয়ে যাতায়াত সহজ হবে। পাশাপাশি সেলাই মেশিন পাওয়া সুবিধাবঞ্চিত নারীরা আয়মূলক কর্মকাণ্ডের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।
অনুষ্ঠানের শেষে অতিথিরা উপকারভোগীদের হাতে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেন।