ফরিদপুরের মধুখালী উপজেলায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরের কর্মসূচির অংশ হিসেবে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় মধুখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় উপজেলা পরিষদের পুকুরে কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। একই সঙ্গে উপজেলার বিভিন্ন উন্মুক্ত জলাশয়েও পোনা মাছ অবমুক্ত করা হয়।
পোনা অবমুক্তকালে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম মানিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কে এম তানজির নাঈম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম ফকির, মিহির কুমার বাবলু, উপজেলা বিএনপির অর্থ সম্পাদক আলী মুনসুর দাউদ, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. তারিকুল ইসলাম এনামুল, উপজেলা কৃষক দলের সদস্যসচিব মো. তানভীর আহমেদ শিমুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. জহিরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. সাদ্দাম আরেফিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় কর্মকর্তারা বলেন, জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদের সংরক্ষণ এবং স্থানীয় জনগণের জন্য মাছের প্রাপ্যতা নিশ্চিত করতে পোনা অবমুক্তকরণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি প্রাকৃতিক জলাশয়ের মৎস্যসম্পদ উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণেও এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা জানান।
মৎস্যসম্পদের উৎপাদন বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগণের পুষ্টির চাহিদা পূরণ ও মৎস্যনির্ভর অর্থনীতিকে আরও শক্তিশালী করতে নিয়মিত এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন সংশ্লিষ্টরা।