মাহমুদুর রহমান রনি (বরগুনা):
বরগুনার পাথরঘাটায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুমান মিয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাড়িটানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন থানার এসআই (নিরস্ত্র) সৌরভ সাহা ও সঙ্গীয় ফোর্স। এসময় হাড়িটানা এলাকার ইসমাইল কবিরাজের বাড়ির সামনের ইটের রাস্তায় মাদক ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।
পরে স্থানীয়দের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে আটক ব্যক্তির কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক মো. রুমান মিয়া (৩০) পাথরঘাটা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাড়িটানা এলাকার মো. ছাইদুলের ছেলে। আটক রুমান মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।