নওগাঁর চকদারাপ মাখনের মোড়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে যাত্রীবাহী একটি টমটম। তবে মোটরসাইকেলের ধাক্কা এড়াতে গিয়ে টমটমটি রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে কিছুটা দুমড়ে-মুচড়ে যায়।
এ সময় টমটম থেকে ছিটকে পড়ে এক বৃদ্ধ নারী মাথায় আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে পাঠান।
স্থানীয়দের ভাষ্যমতে, এ ঘটনায় টমটম চালকের কোনো দোষ ছিল না; বেপরোয়া গতিতে আসা মোটরসাইকেল চালকের কারণেই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর মোটরসাইকেল চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, মাখনের মোড়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় এখানে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। তাই সড়ক বিভাগের পক্ষ থেকে মোড়ে প্রয়োজনীয় সতর্কতামূলক চিহ্ন, সাইনবোর্ড ও গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া জরুরি।
এ বিষয়ে প্রশাসনের প্রতি স্থানীয়দের আহ্বান—বেপরোয়া ও অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানো এবং সড়ক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।