কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে গজারি বনের ভেতর থেকে মশিউর রহমান (৫০) নামে এক গার্মেন্টস কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের গলাচিপা এলাকার একটি গজারি বনের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা বনের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পেয়ে এর উৎস খুঁজতে গিয়ে গজারি গাছের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় অর্ধঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তারা বিষয়টি কালিয়াকৈর থানায় জানালে মৌচাক ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)-এর সহযোগিতা নেওয়া হয়। পরে তার পরিচয় নিশ্চিত করা হয়। নিহত মশিউর রহমান রংপুর জেলার গঙ্গাচড়া থানার রাজবলব গ্রাম এলাকার মৃত হাজী আমজাদ হোসেনের ছেলে।
মশিউর রহমান কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার জিএম গার্মেন্টসে স্টোর অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
মৌচাক ফাঁড়ির পুলিশের উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের পর ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।