রাজশাহীর বাঘায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি নিয়মিত মামলার এজাহারনামীয় ১ নম্বর অন্যতম পলাতক আসামি রাসেল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাকিপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাসেল মিয়া উপজেলার চাকিপাড়া গ্রামের আনসার আলীর ছেলে। পুলিশ জানায়, তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ জুন ২০২৬ তারিখ সন্ধ্যার আগে বাঘা থানার বাউসা ইউনিয়নের ধন্দহ সরকারপাড়া গ্রামের আব্দুস সামাদ ডাক্তারের বসতবাড়ির সামনে পাকা সড়কে রাসেল মিয়াসহ কয়েকজন পরস্পর যোগসাজশে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন ধরনের সরকারবিরোধী স্লোগান দেন। এতে ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, আসামিরা অপরাধ সংঘটনের ষড়যন্ত্র, প্রচেষ্টা ও প্ররোচনার মাধ্যমে রাষ্ট্রবিরোধী বিভিন্ন প্রচার-প্রচারণা চালিয়ে জনগণের মধ্যে ভয়ভীতি সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করেন।
এ ঘটনায় বাউসা ইউনিয়নের ওয়ার্ড সেক্রেটারি আনিসুর রহমান বাদী হয়ে বাঘা থানায় মামলা করেন। মামলাটি বাঘা থানার মামলা নম্বর-১৬(৬)২৬ হিসেবে নথিভুক্ত হয়েছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, মামলা হওয়ার পর থেকেই রাসেল মিয়া ঢাকায় অজ্ঞাত স্থানে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, রাসেল মিয়ার বিরুদ্ধে প্রায় অর্ধ যুগ আগে থেকে বিভিন্ন সময়ে দায়ের হওয়া আরও আটটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেপ্তারের পর রাসেল মিয়াকে সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।