পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে পঞ্চগড়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলা মডেল মসজিদে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল পঞ্চগড় পৌর ও সদর উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, অ্যাডভোকেট আদম সুফি ও মির্জা নাজমুল ইসলাম কাজল বক্তব্য দেন।
এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধানসহ ওলামা দলের নেতাকর্মী, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার কল্যাণে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়। বক্তারা ইসলামের শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বার্তা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।