বান্দরবানের আলীকদমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টায় আলীকদম উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাশুক এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি সোয়াইবুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বান্দরবান জেলা সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফারুক আহমদ।
সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, কর্ম ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, মহানবী (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমত ও উত্তম আদর্শের প্রতীক। তাঁর জীবন ও আদর্শ অনুসরণের মধ্যেই মানবতার কল্যাণ নিহিত রয়েছে।
বক্তারা আরও বলেন, রাসুলুল্লাহ (সা.) মানুষকে সত্যবাদিতা, আমানতদারি, ন্যায়বিচার, মানবতা, ক্ষমাশীলতা ও ভ্রাতৃত্বের শিক্ষা দিয়েছেন। তাই সীরাতুন্নবী (সা.) নিয়ে শুধু আলোচনা নয়, বরং তাঁর আদর্শকে ব্যক্তিগত ও সামাজিক জীবনে বাস্তবায়ন করাই হওয়া উচিত সবার প্রধান লক্ষ্য।
আলোচনা সভায় কুরআন ও সুন্নাহর শিক্ষা অনুসরণ, মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা প্রদর্শন এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সভায় উপজেলা জামায়াতের সেক্রেটারি সাদেক মিয়া, অফিস সম্পাদক আবু সুফিয়ান, সদর ইউনিয়ন সভাপতি মাহমুদুল হক, নয়াপাড়া ইউনিয়ন সভাপতি মুরাদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।