সৌদি প্রবাসীর সঙ্গে বিয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই ফেনীর দাগনভূঁঞা উপজেলায় মারজাহান আক্তার তিশা (১৯) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের শরীরে আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে এবং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে তার পরিবার। এ ঘটনায় নিহতের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও দেবরসহ ৫ জনের বিরুদ্ধে ফেনীর আদালতে হত্যা মামলার আবেদন করেছেন তিশার বাবা।
নিহত তিশা ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী গ্রামের মো. ইসরাফিল প্রকাশ চুট্টুর মেয়ে। চলতি বছরের জানুয়ারি মাসে দাগনভূঁঞা উপজেলার জায়লস্করার সৌদি প্রবাসী একরামুল ইসলাম এর সঙ্গে তার বিয়ে হয়েছিল।
পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই তিশার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। নিহতের শশুর শাশুড়ি ও দেবররা তার উপর অমানবিক নির্যাতন করে, তিশাকে পরিবারের সঙ্গে স্বাধীনভাবে কথা বলতে দেওয়া হতো না। ফোনে কথা বলার সময় স্বামীর বাড়ির লোকজন সামনে দাঁড়িয়ে কঠোর নজরদারিতে রাখত যাতে সে কিছু বলতে না পারে। এর মধ্যেও তিশা ইশারায় তার মাকে পরিস্থিতির কথা বোঝানোর চেষ্টা করত। তিশাকে বাবার বাড়িতে যেতে দেওয়া হতো না।
গত ৫ নভেম্বর মায়ের সঙ্গে তিশার শেষ কথা হয়। এর পরদিন গত ৬ নভেম্বর সৌদি আরব থেকে তিশার স্বামী নিজেই তিশার মাকে ফোন করে তার মৃত্যুর সংবাদ জানান। সম্প্রতি জায়লস্করায় স্বামীর বাড়ি থেকে তিশার নিথর দেহ উদ্ধার করা হয়। তার শরীরে একাধিক আঘাত ও জখমের স্পষ্ট চিহ্ন রয়েছে বলে দাবি করেছেন তার মা বাবা ও আত্মীয়-স্বজন। শ্বশুরবাড়ির লোকজনই তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে তাদের জোরালো অভিযোগ।
এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ন্যায়বিচার চেয়ে নিহতের স্বামী সৌদি প্রবাসী একরামুল ইসলামের, শ্বশুর, শাশুড়ি ও দেবরসহ মোট ৫ জনের নাম উল্লেখ করে ফেনীর আদালতে হত্যা মামলার আবেদন করেছেন তিশার বাবা মো. ইসরাফিল প্রকাশ চুট্টু।
ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই তিশার নিজ এলাকা, ফেনী জেলাজুড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। সাধারণ মানুষ, বিভিন্ন মানবাধিকারকর্মী ও সচেতন মহল এই হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নিহতের পরিবার ও এলাকাবাসীর একটাই আকুতি— আর কোনো বাবা-মায়ের যেন এমন বুক খালি না হয় এবং তিশা হত্যার ন্যায়বিচার নিশ্চিত করে রাষ্ট্র যেন দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেয়।