বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলিয়ারহাট ডি ইউ এস ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে মাদকাসক্তি, বাল্যবিবাহ, ইভটিজিং ও সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান।
বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় মাদ্রাসা প্রাঙ্গণে উপস্থিত হয়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে এসব বিষয়ে আলোচনা করেন। এ সময় শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকা, বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিংয়ের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং বিভিন্ন সামাজিক অপরাধ থেকে নিজেদের সুরক্ষিত রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
আলোচনায় ওসি শাহিনুজ্জামান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পড়াশোনার পাশাপাশি প্রত্যেককে নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে হবে। সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদেরও সচেতন ভূমিকা রাখতে হবে। কোনো ধরনের অপরাধ বা হয়রানির শিকার হলে ভয় না পেয়ে শিক্ষক, অভিভাবক কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার পরামর্শ দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল আলম, আলিয়ারহাট ডি ইউ এস ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যক্ষ এম এ সালাম। এছাড়াও মাদ্রাসার শিক্ষক আব্দুল কুদ্দুস, ইদ্রিস আলী, আব্দুল বারী, এনামুল হক, শহিদুল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।