মোহাম্মদ উল্লাহ,নিজস্ব প্রতিবেদক, সেনবাগ (নোয়াখালী):
নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাদ্রাসার এক শিশুছাত্র নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া গেছে। মোহাম্মদ আব্দুল্লাহ নামের ওই মাদ্রাসাপড়ুয়া শিশুটি গত ২৫ অক্টোবর সকাল ৯টা থেকে নিজ বাড়ি থেকে নিখোঁজ রয়েছে। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তার পরিবার।
নিখোঁজ শিশু আব্দুল্লাহ সেনবাগ উপজেলার বিন্নাগুনি গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়ির মো. শাহ জালালের ছেলে। সে স্থানীয় বিন্নাগুনি মিঝি পুকুরপাড় তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর সকাল ৯টার দিকে শিশু আব্দুল্লাহ নিজ বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়েও তার কোনো হদিস মেলেনি।
নিখোঁজের সময় শিশু আব্দুল্লাহর পরনে ছিল কফি কালারের হাফহাতা গেঞ্জি ও আকাশী কালারের পায়জামা। এ ছাড়াও তার হাতে কালো কালারের একটি প্যান্ট ছিল।
পারিবারিক সূত্রে আরও জানানো হয়, প্রিয় সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার বাবা মো. শাহ জালালসহ পরিবারের অন্যান্য সদস্যরা। এমতাবস্থায় কোনো সহৃদয় ব্যক্তি শিশু আব্দুল্লাহর সন্ধান পেয়ে থাকলে কিংবা তার অবস্থান সম্পর্কে কোনো ধরনের তথ্য জেনে থাকলে দ্রুত নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
📞 যোগাযোগের নম্বর: ০১৮২৯১০৬৯৬১
একটি নিষ্পাপ শিশুর এমন রহস্যজনক নিখোঁজ ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটিকে নিরাপদে তার পরিবারের কোলে ফিরিয়ে দিতে সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা এবং সংবাদটি বেশি বেশি শেয়ার করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হচ্ছে। মানবিক দিক বিবেচনা করে এই দুঃসময়ে শিশুটির পরিবারের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা