বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ২০২৫ সালের পরীক্ষায় সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ।
রোববার(২৫অক্টোবর) বেলা ১২টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইন অনুষদের ডিন অধ্যাপক ড. নাজিমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. এ.কে.এম মতিনুর রহমান, বিশেষ অতিথি উপ- উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী ও রেজিস্ট্রার ( ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আতিকুরসহ আইন অনুষদ ভুক্ত বিভিন্ন বিভাগের সভাপতি,শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্তদের মধ্য থেকে রোকনুজ্জামান রায়হান বলেন,”আজ এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে সংবর্ধনা দেওয়া হচ্ছে, এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক ও তৃপ্তিকর। আমাকে প্রথমবারই মহান আল্লাহ তায়ালা বিচারক হিসেবে কবুল করেছেন। এজন্য শিক্ষকদের আন্তরিকতা এবং সিনিয়র সিভিল জজ ভাইদের পরামর্শ নিজেকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে।”
তিনি উপস্থিত সবাইকে শুরু থেকেই দৃঢ়প্রতিজ্ঞ হয়ে সিলেবাস বিশ্লেষণ করে সাধারণ ও আইন উভয় অংশকে সমান গুরুত্ব দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান পাশাপাশি ন্যায়পরায়ণতার সাথে কর্মজীবন পরিচালনা করতে সবার কাছে দোয়া চেয়েছেন ।
উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান বলেন, ‘সুপারিশপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অকৃত্রিম শুভেচ্ছা। দেশের প্রতি আপনাদের দায়বদ্ধতা রয়েছে। শিক্ষাব্যবস্থায় দেশের সকল শ্রেণির মানুষের কন্ট্রিবিউশন রয়েছে, আপনারাও সেই বিবেচনায় দায়িত্ব পালন করবেন। সবার ওপরে সৃষ্টিকর্তা রয়েছেন, তা বিবেচনায় বিবেক বুদ্ধি দিয়ে তোমাদের দায়িত্ব পালন করা উচিত। একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়তে বিচার বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই বিশ্ববিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী আইন অঙ্গনে নিয়োজিত রয়েছে। আইন বিভাগ একটি বহুমুখী বিভাগ। এর শিক্ষার্থীদের নানামুখী পেশায় কাজ করার সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে আমরা বিভিন্ন কাজের উদ্যোগ নিচ্ছি।’