মানিকগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের সহসভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন হাজী মো. নান্নু মিয়া। একই সঙ্গে তিনি জাতীয়তাবাদী শ্রমিক দলের সঙ্গে পুনরায় সম্পৃক্ত হয়ে সাংগঠনিক কার্যক্রমে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে মুঠোফোনে যোগাযোগ করা হলে হাজী নান্নু মিয়া জানান, তিনি দীর্ঘ ১৪ বছর মানিকগঞ্জ জেলা শ্রমিক দলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। পারিবারিক ও মানসিক বিভিন্ন সমস্যার কারণে তিনি জেলা শ্রমিক লীগে যোগ দিতে বাধ্য হয়েছিলেন বলে দাবি করেন। তবে আওয়ামী লীগ বা শ্রমিক লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন না বলেও উল্লেখ করেন তিনি।
হাজী নান্নু মিয়া বলেন, অতীতের ভুলত্রুটি ও পারস্পরিক ভুল বোঝাবুঝি পেছনে ফেলে জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটনের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান তিনি। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণে কাজ করাই তাঁর মূল লক্ষ্য।
তিনি আরও জানান, খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা এমপির দিকনির্দেশনায় জেলা শ্রমিক দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে আগ্রহী। এ ক্ষেত্রে সবার সঙ্গে সমন্বয় করে শ্রমিক দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে ভূমিকা রাখতে চান তিনি।
হাজী নান্নু মিয়ার পদত্যাগের ঘোষণা ও শ্রমিক দলে ফেরার আগ্রহকে কেন্দ্র করে মানিকগঞ্জের শ্রমিক রাজনীতিতে নতুন আলোচনা তৈরি হয়েছে। তবে তাঁর পদত্যাগ ও শ্রমিক দলে পুনরায় সম্পৃক্ত হওয়ার বিষয়ে ফোন করে সংশ্লিষ্ট সংগঠনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া পাওয়া যায় নাই।